মাহমুদুল হাসান(সবুজ) : নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দক্ষিণ সন্তাপুর এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে আটক করেছে র্যাব-১০। আটকরা হলো- মোঃ আকাশ (২৪), মোঃ সাব্বির হোসেন (২৪), মোঃ মারুফ হোসেন (২৫), মোঃ রাজিব হোসেন (১৯), মোঃ শান্ত ইসলাম (২১।

রোববার র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব এতথ্য নিশ্চিত করে বলেন, গতকাল সন্ধ্যা ৭ টার দিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার দক্ষিণ সন্তাপুর এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্তুতিকালে ৫ জন ডাকাতকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ টি চাপাতি ও ২ টি চাকু জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটক আসামিরা দীর্ঘদিন যাবত ফতুল্লা থানার আশপাশের এলাকায় ডাকাতি ও ছিনতাই করে আসছিল।
আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।