রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : হাইকোর্টের নির্দেশ অমান্য করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা, ভোলাবো, দাউদপুর, রূপগঞ্জ ও কায়েতপাড়া ইউনিয়নে হাজার হাজার বিঘা কৃষি জমিতে বালু ভরাট বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ।
আন্দোলনরত কৃষক ও জমি মালিকদের উপর হামলা করেছে ভূমিদস্যুদের পালিত সন্ত্রাসীরা। গতকাল ৯ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলার মঠের ঘাট এলাকায় উপজেলা ভূমি অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে । সন্ত্রাসীসের হামলায় আন্দোলনরত বৃদ্ধ-যুবকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
কৃষি জমি রক্ষার দাবিতে মানববন্ধনে এলাকাবাসীর সাথে একাত্যতা প্রকাশ করে সন্ত্রাসী হামলার বিচার ও কৃষি জমির রক্ষার দাবিতে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার হাজার হাজার হেক্টর কৃষি জমি দখলে নিচ্ছে ভুমিদস্যূরা। পরে রাতের আধারেই বালু ফেলে ভরাট করছে কৃষি জমি। অথচ কৃষি জমিতে বালু ভরাট এবং কৃষি জমি থেকে মাটি কাটা সম্পুর্ণ নিষিদ্ধ।
বক্তারা বলেন, কৃষি জমি রক্ষার দাবিতে মামলা করার পর কৃষি জমিতে বালু ভরাট বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অথচ হাইকোর্টের নির্দেশ অমান্য করে প্রতিনিয়ত শতশত ড্রেজার বসিয়ে বালু ভরাট করছে বিভিন্ন আবাসন প্রকল্প। আর বালু ভরাটের প্রতিবাদ করলেই বিভিন্ন ভাবে হামলা-মামলার স্বীকার হচ্ছে নিরিহ কৃষক ও জমি মালিকরা।
বক্তারা আরো বলেন, ভুয়া দাতা বানিয়ে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় হাজার হাজার বিঘা কৃষি জমি দখলে নিয়েছে বিভিন্ন আবাসন প্রকল্প। নামে বেনামে গড়ে উঠা এসকল আবাসন প্রকল্পের অবৈধ দখল বানিজ্যের কারণে নিঃশ্ব হয়েছেন হাজারো কৃষক। রূপগঞ্জের কৃষি জমির রক্ষার দাবীতে প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি চেয়েছে ভুক্তভোগীরা।
কৃষকদের সাথে একাত্যতা প্রকাশ করে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান বলেন, কৃষক ও জমি মালিকদের দাবি যৌক্তিক। কৃষি জমিতে বালু ভরাট ও কৃষি জমি থেকে মাটি কাটা সম্পুর্ণ নিষিদ্ধ। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কৃষি জমিতে বালু ভরাটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।