নারায়ণগঞ্জ প্রতিনিধি : দেশের অন্যতম শিল্পগোষ্টি রংধনু গ্রুপ ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ রফিকুল ইসলাম রফিকের অফিস থেকে ধারালো চাপাতিসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সন্ত্রাসীর নাম মাজাহারুল ইসলাম। সে উপজেলার নাওড়া মধ্যপাড়া এলাকার সাহাবুদ্দিনের ছেলে।
চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক জানান, আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের ভিতরে তিনি প্রশাসনিক কাজ করছিলেন। এসময় সাহাবুদ্দিনের ছেলে মাজাহারুল কার্যালয়ের ভেতরে প্রবেশ করে। উপস্থিত লোকেরা তার কোমরে একটি চাপাতি দেখে ঘটনাটি আমাকে জানালে তাৎক্ষণিক রূপগঞ্জ থানা পুলিশকে অবহিত করি। পরে পুলিশ এসে চাপাতী সহ ওই সন্ত্রাসীকে গ্রেফতার করে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি মাহামুদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চাপাতিসহ মাজহারুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মামলা দাযেরের প্রস্তুতি চলছে এবং কি কারনে বা কারা এ ঘটনায় জড়িত তাদেরকে খোজেঁ বের করার চেষ্টা চলছে।