মাহমুদুল হাসান (সবুজ) : রাজধানীর কোনাপাড়া ও গুলিস্তান এলাকা থেকে প্রায় ৬০ কোটি টাকা মূল্যের ২ কেজি কোকেনসহ কোকেন ব্যবসায়ী চক্রের ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত কোকেন ব্যবসায়ীরা হলেন, সুলতান হাসান (৫০), হান্নান (৩৫), উজ্জল (২৮), উদয় দাস (৫২), শ্রী পলাশ দে (৫৮), ফিরোজ আলম খাঁন (৫০)।
বুধবার র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান কাওরানবাজার র্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের একথা জানান। এসময় তাদের কাছ থেকে মাদক,৯ টি মোবাইল ফোন,ও ২ হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়।
তিনি বলেন, সন্ধ্যার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকার যাত্রাবাড়ী থানার কোনাপাড়া মোমেনবাগ এলাকার সালাউদ্দিন স্কুল রোডের একটি বাসা থেকে কোকেন ব্যবসায়ী চক্রের ৩ জন সদস্যকে গ্রেফতার করে এবং ১ কেজি কোকেন উদ্ধার করে।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের দেয়া তথ্য মতে একই দিন ঢাকার পল্টন থানার ৩৫-৩৬, বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় হোটেল মেঘনায় অভিযান পরিচালনা করে আরো ১ কেজি কোকেনসহ বাকি ৩ জন সদস্যকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী,তারা দীর্ঘদিন যাবৎ একে অপরের যোগসাজশে ঢাকার আশপাশের এলাকায় মাদক ব্যবসাসহ আন্তর্জাতিক কোকেন পাচারকারী চক্রের সাথে জড়িত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।