সাকিব হাসান চৌধুরী সাম্য, গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কের উপর থেকে ২ মন ১৭ কেজি গাঁজাসহ বাবলু মালি (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৩ গাইবান্ধা।
এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাহিন্দ্র সাদা রংয়ের মিনি ট্রাক, একটি মোবাইল ফোন, একটি সিমকার্ড এবং নগদ ৮’শ ৩০ টাকা জব্দ করা হয়। আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রংপুর -ঢাকা মহাসড়কের রংপুর বাসস্ট্যান্ড সংলগ্ন নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টার এর সামনে খরবোঝাই একটি ট্রাক থেকে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত বাবলু মালি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নামুরি গ্রামের মৃত কানু মালির ছেলে। র্যাব-১৩ গাইবান্ধার সিপিসি-৩ এর কোম্পানি অধিনায়ক আব্দুল্লাহ আল মামুন জানান, এই মাদক কারবারি লালমনিরহাট থেকে খর বোঝাই ট্রাকের ভিতর লুকিয়ে বিপুল পরিমাণ গাঁজা সিরাজগঞ্জের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
মঙ্গলবার দুপুরে পলাশবাড়ী অতিক্রম কালে আমরা তাকে আটক করি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।