অনুপম দে, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া গ্রাম থেকে সীমানা পিলার উদ্ধার করা হয়েছে।
ম্যাগনেট সমৃদ্ধ এই সীমানা পিলারের আনুমানিক মূল্যে কয়েক কোটি টাকা বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত তৌহিদুর নামের এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে যশোর- ৬ র্যাবের বিশেষ টিম।
সোমবার গভীর রাতে বাঘারপাড়ার জামদিয়া গ্রামে অভিযান চালিয়ে ম্যাগনেটসহ তৌহিদুর রহমান (৪০) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তৌহিদুর রহমান যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শাহাজান মোল্যার ছেলে।র্যাব-৬ এর ডিএডি আবুল বাসার সাংবাদিকদের জানিয়েছে, গোপন সংবাদের মাধ্যমে খবর আসে জামদিয়া এলাকার সাইফুল ইসলামের বাড়ির পাশে এক ব্যক্তি পিলার পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এমন সংবাদের প্রেক্ষিতে র্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের এ পিলারসহ তৌহিদুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। পরে বাঘারপাড়া থানায় তাকে হস্তান্তর করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন সাংবাদিকদের জানিয়েছেন, গ্রেফতারকৃত ব্যক্তিকে জেল হাজতে পাঠানো হয়েছে। তার সাথে আর কেউ জড়িত আছে কিনা এবিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরো বলেন, উদ্ধারকৃত পিলারটির ওজন প্রায় ৩৪ কেজি, ক্রস পতাকা আকৃতি পিলারটির গায়ে লেখা আছে ইষ্ট ইন্ডিয়া কোম্পানি ১৮১৮ , যা দেখে মনে হচ্ছে এটি ১৮১৮ সালের পিলার।